ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে প্রায় ৫০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরির অভিযোগে শুরু হওয়া তদন্তে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছেন সামাজিক মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
যুক্তরাষ্ট্রে ভুয়া খবর তদন্তকারী পার্লামেন্টারি কমিটি এই তদন্তটি চালাচ্ছে। কমিটির চেয়ারম্যান ড্যামিয়েন কলিন্স জাকারবার্গকে তদন্তের কাজে দায়িত্বরত এমপিদের সামনে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান।
ক্যামব্রিজ অ্যানালিটিকা নামের ডেটা অ্যানালিসিস ফার্মের বিরুদ্ধে অবৈধ উপায়ে ফেসবুকের প্রায় ৫ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহের ঘটনায় ক্ষমা চেয়েছেন জাকারবার্গ। ব্যবহারকারীদের ‘বিশ্বাস ভঙ্গ’ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু বলেছেন, তদন্তের জিজ্ঞাসাবাদের জন্য কমিটির সদস্য এমপিদের সামনে হাজির হবেন না তিনি।
নিজের পরিবর্তে তার অন্যতম জ্যেষ্ঠ নির্বাহী, ফেসবুকের চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্সকে তদন্তের জিজ্ঞাসাবাদে আত্মপক্ষ সমর্থনের জন্য পাঠাবেন বলে জানিয়েছেন মার্ক জাকারবার্গ। কক্সই ইস্টার উপলক্ষে পার্লামেন্টের ছুটি শেষে প্রথম সপ্তাহে যাবতীয় প্রমাণ নিয়ে এমপিদের সামনে বসবেন।
এই আমন্ত্রণ ফিরিয়ে দেয়াকে ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন ডিপার্টমেন্ট ফর কালচারাল মিডিয়া অ্যান্ড স্পোর্ট সিলেক্ট কমিটির চেয়ারম্যান কলিন্স। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যেসব অসাধারণ প্রমাণ থাকার ব্যাপারে আমরা শুনেছি… এটা একেবারেই বিস্ময়কর যে, মার্ক জাকারবার্গ জিজ্ঞাসাবাদের জন্য এখনো উপস্থিত হওয়ার মতো নিজেকে তৈরি করতে পারেননি।’
‘প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফেসবুক ব্যবহারকারী ও আমাদের তদন্তের সাথে সংশ্লিষ্ট,’ বলেন তিনি।
জাকারবার্গকে সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখতে জোর আহ্বান জানিয়েছেন কলিন্স।
তবে ফেসবুক কর্তৃপক্ষের বক্তব্য, কমিটির সব প্রশ্নের জবাব দেয়ার জন্য কক্সই উপযুক্ত।









