জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু গত ১৬ অক্টোবর তার জীবনের শেষ কনসার্টে অংশ নিয়েছিলেন। রংপুর জেলা স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছিল সেই কনসার্ট। কনসার্টের কিছু ছবি ও গান তিনি শেয়ার করেছিলেন তার ফেসবুকে। কে জানতো, ফেসবুকের ওই পোস্টই হবে তার শেষ পোস্ট।
শেষ সেই কনসার্টে গাওয়া ও শেয়ার করা সেই গান ছিল ‘সেই তুমি কেন এত অচেনা হলে?’, যা কোটির ভক্তের বহুল উচ্চারিত প্রশ্ন।
শেষ কনসার্টে গাওয়া তার একটি গান
এখন তিনি ধরাছোঁয়ার বাইরে, তার ফেসবুক একাউন্টও ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক। এখন তিনি শুধুই থাকবেন কোটি ভক্তের হ্নদয়ে।

এই অক্টোবর মাসে তিনি ৩টি কনসার্টে অংশ নিয়েছিলেন। ১৬ অক্টোবর রংপুরে ছিল তার শেষ কনসার্ট, যার শিরোনাম ছিল ‘শেকড়ের সন্ধানে’।

এরআগে ১ অক্টোবর চ্যানেল আইয়ের জন্মদিনের ওপেন এয়ার কনসার্টে মাতিয়ে রেখেছিলেন আগত অতিথিদের। এরপরে গত ১৪ অক্টোবর তার নিজ জেলা চট্টগ্রামে জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় তার কনসার্ট।


বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়ার পর ৯টা ৫৫ মিনিটে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আইয়ুব বাচ্চু জন্মেছিলেন ১৯৬২ সালের ১৬ আগস্ট। চট্টগ্রামে। সংগীত শিল্পী পরিচয়ের বাইরে তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার।
সংগীত জগতে তার যাত্রা শুরু হয় ‘ফিলিংস’-ব্যান্ডের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তার শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন।
তারমৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন অর্থমন্ত্রী, বিএনপি মহাসচিব। এছাড়া শোক বিরাজ করছে দেশের সর্বত্র, সামাজিক মাধ্যমগুলোতে ভাসছে নানা স্মৃতিচারণমূলক ঘটনা আর শ্রদ্ধাযুক্ত বাক্য।
শুক্রবার (১৯ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধার পরে ঢাকায় জানাজা ও পরেরদিন শনিবার চট্টগ্রামে জানাজা শেষে মায়ের কবরের পাশে সমাহিত হবেন এই গুণী সঙ্গীতব্যক্তিত্ব।







