ফেসবুকের আয় কমলেও ব্যবহার বেড়েছে

এ বছরের প্রথম তিন মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আয় কমেছে। স্টক মার্কেটে শেয়ারের দামও কমেছে কিছুটা। এবছরে ফেইসবুকের আয়ের প্রাক্কলন করা হয়েছিলো তিন দশমিক ছাপ্পান্ন বিলিয়ন মার্কিন ডলার। সেখানে এই আয়ের হিসাব কিছুটা কমে তিন দশমিক চুয়ান্ন বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে।
তবে আয় কিছুটা কমলেও ফেইবুকে গ্রাহকদের আনাগোনা এবং মোবাইল বিজ্ঞাপনের হার বেড়েছে। ফলে সব মিলিয়ে কোম্পানির সামগ্রিক পারফর্মান্স ছিলো ভালো। এবছর ফেসবুকের ব্যবসাকে ত্বরান্বিত করতে বেশি অবদান রেখেছে মোবাইল ফোনে ফেসবুকের ব্যবহার সুবিধা। ফেসবুকের মোট গ্রাহকের ৮৭ শতাংশই ফেইসবুক ব্যবহার করে মোবাইলের মাধ্যমে। শুধু তাই নয় ফেসবুকের বিজ্ঞাপন আয়ের ৭৩ শতাংশও এসেছে মোবাইল বিজ্ঞাপনের মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমটি আরো বেশি মানুষকে ইন্টারনেটের আওতায় আনার জন্য পরিকল্পনা করে যাচ্ছে। সেই সঙ্গে বিনামূল্যে ফেসবুক ব্যবহারের সুবিধা দিচ্ছে কিছু কিছু দেশে।






