ফুলের মেলা!

এত ফুলের মাঝে দাঁড়িয়ে ছবি না তুললে হয়?
ফুলের গন্ধে মৌ-মৌ করছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, জার্ভারা, জিপসি, কাঠবেলিসহ দেশি বিদেশি নানা প্রজাতির ফুলের সম্মিলিত গন্ধে মাতম নজরুল মঞ্চের আশপাশ। এ যেন ফুলের মেলা! হ্যাঁ, আসলেই ফুলের মেলা। আর এই মেলায় আসা তাজা ফুলের গন্ধে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে এসেছেন দর্শনার্থী, ক্রেতা।
রাজধানীর উদয়ন স্কুলে ক্লাস থ্রিতে পড়ে সারা মালিহা। মা ও ছোট বোনের সঙ্গে এসেছে ফুল মেলায়। সারা মালিহার মায়ের হাতে মোবাইল। গাঁদা ফুল দিয়ে সাজানো রিকশায় চরে ছবি তুলছে দুইবেন। ছবি তুলছে ফুলের দোলনায় বসে। নেড়েচেড়ে দেখছে অর্কিড। মেয়েদের নিয়ে উৎসবে আসা প্রসঙ্গে সারার মা বললেন, ‘শহুরে শিশুরা প্রকৃতি কী তা ভুলতে বসেছে। এদের যত আগ্রহ কম্পিউটার, ইউটিউবে। প্রকৃতিতে আগ্রহ কম। তাই ফুল মেলার খবর শুনে ওদের নিয়ে এলাম। প্রকৃতির কাছাকাছি থাকুক কিছুক্ষণ। ওরাও সতেজ মনে ঘুরে বেড়াচ্ছে। দেখে ভালো লাগছে।’
শেখের টেক থেকে দুইবেন আমব্রিন ও আফরিন এসেছে। মাথায় সতেজ ফুলের তৈরি ডালা। তাদের বয়স যথাক্রমে সাত ও পাঁচ বছর। এসেছে বাবা-মা ও দাদা-দাদীর সঙ্গে। আমব্রিন-আফরিনের বাবা বললেন, ‘আমরা এসেছি মোহাম্মদপুরের শেখের টেক থেকে। বাচ্চারা ফুল দেখে খুব মজা পাচ্ছে। ওরা ফুল পছন্দ করে। বাসার ছাঁদে ফুলের গাছ আছে। উৎসবে এসে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়ি, ফুলের দোলনা পছন্দ করছে। বাচ্চাদের উচ্ছ্বাস দেখলে ভালো লাগে তাই বাচ্চাদের নিয়ে এসেছি।’
ইডেন কলেজের ছাত্রী ফারহানা এসেছেন মিরপুর থেকে। এত ফুল একসাথে সে দেখেনি। ফলে খুবই ভালো লাগছে বলে জানালেন চ্যানেল আই অনলাইনকে। অনেক ছবি ও সেলফি তুলে রাখছে পছন্দের ফুলের সাথে।
দেশে উৎপাদিত ফুল নিয়ে বাংলা একাডেমির নজরুল মঞ্চ চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট ২০১৭’ এর আজ শনিবার শেষ দিন। ফুল মেলার আয়োজন করেছে ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজেস (আইআইসিই) ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি। সহযোগিতা করছে ইউএসআইডি, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি ও দেশিফুল ডটকম।
আয়োজনের গণসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ হাসান বলেন, ‘১৪টি প্যাভিলিয়ন ও ৩৩টি প্রদর্শনী স্টল আছে। এতে অংশ নিয়েছে ফুল উৎপাদক, ফুল ব্যবসায়ী, ফুল সেক্টরের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন, সাজসজ্জা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। মেলায় এক হাজারের বেশি ধরনের ফুলের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।’
কেমন সাড়া পেলেন? আব্দুল্লাহ হাসান বলেন, ‘খুব সাড়া পেয়েছি। মানুষ লম্বা লাইন দিয়ে মেলায় প্রবেশ করেছে। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে। খুব বিক্রি হচ্ছে। স্টল মালিকরা খুশি। ফলে আমরাও খুশি’

যশোর ঝিকরগাছা থেকে এসে স্টল নিয়েছে ‘যশোর পুষ্পলয়’। স্টল মালিক তৈয়ব আলী সরদার বলেন, ‘আগে ছিল “যশোরের যশ, খেজুরের রস”। এখন সাথে যুক্ত হয়েছে “যশোরের যশ, ফুলের নির্যাস”। আমাদের জমিতে দেশি বিদেশি প্রায় ত্রিশ প্রজাতির ফুল উৎপাদন হয়। যা আমরা ঢাকাসহ সারাদেশে বাজারজাত করি।’ ফুল চাষ করে যশোর এলাকার অনেক চাষি সাবলম্বী হচ্ছে বলে তিনি জানান।
ফুল উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত মাধবী ইয়াসমিন রুমা বলেন, ‘যশোরের ফুল দেশের চাহিদা পূরণ করে এখন রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু স্টোরেজ, প্যাকেজিংসহ কিছু কারিগরি সুবিধার অভাবে তা হয়ে উঠছে না।’ তিনি সরকারকে এদিকে দৃষ্টি দেওয়ার আবেদ জানান।
বিউটিশিয়ান আফরোজা পারভিনের প্রতিষ্ঠান রেড এর একটি স্টল ছিল নজরুল মঞ্চের সামনাসামনি। সেখানে গিয়ে দেখা যায় কনে সেজে বসে আছেন এক তরুণী। মেলায় যারা আসছেন, অনেকেই তার সঙ্গে ছবি তুলছেন। সেলফি তুলছেন। রেডের কর্মকর্তা তারিক হোসেন সুজন বলেন, ‘অনেকেই ফুল দিয়ে কনে সাজানোয় অভ্যস্ত নই। কিন্তু স্বল্প খরচে ফুল দিয়ে কনে সাজানো যায়। সেটা দেখানোর জন্যই কন্যা সাজিয়ে তার সঙ্গে ছবি তোলার সুযোগ দিয়েছি আমরা। আশা করি ফুল দিয়ে কনে সাজানোর এই পদ্ধতি জনপ্রিয়তা পাবে।’
মেলার আয়োজকদের পক্ষ থেকে আব্দুল্লাহ হাসান জানান, মেলার স্থান বৃদ্ধির ব্যাপারে তারা চিন্তা করছেন। ফেব্রুয়ারি ও মার্চ মাসের শুরুর দিকে ফুল ব্যবসায়ীদের চাপ বেশি থাকে বলে বসন্তের শুরুতে মেলার আয়োজন কষ্টকর। তবে তারা চিন্তা করছেন আগামীতে বসন্তের শুরুর দিকে মেলার আয়োজন করার।
ছবি : জাকির সবুজ



