স্পোর্টস

ফুটবল থেকে ৮ বছর নিষিদ্ধ ব্লাটার-প্লাতিনি

ফুটবল থেকে ৮ বছর নিষিদ্ধ ব্লাটার-প্লাতিনি

ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার এবং উয়েফার প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য ফুটবল সংক্রান্ত সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে।

ফিফার ইথিকস কমিটির একটি তদন্তের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। নিষেধাজ্ঞাটি এখন থেকেই কার্যকর হবে।

এই বহিষ্কারাদেশের ফলে ফুটবল প্রশাসক হিসেবে ৭৯ বছর বয়স্ক সেপ ব্ল্যাটারের দীর্ঘ ক্যারিয়ারের অবসান হলো। ১৯৯৮ সাল থেকে তিনি ফিফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দুর্নীতি বিতর্ককে সঙ্গী করেই পঞ্চমবারের মতো সভাপতি পদে জয় পেয়েছিলেন তিনি। তবে ২ জুন সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ব্লাটার।

বিশ্ব ফুটবলের প্রভাবশালী এই দুই ব্যক্তির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ফিফার এথিকস কমিটির পক্ষ থেকে তদন্তকালে চলতি বছরের অক্টোবরে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এবার তাদের আট বছরের জন্য নিষিদ্ধ করা হলো।

এর আগে ১৮ নভেম্বর ৯০ দিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা তাদের আবেদন খারিজ করে দেয় ফিফার আপিল কমিটি।

ফিফার জন্য ‘প্রতিকূল’ চুক্তি স্বাক্ষর এবং ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা প্রেসিডেন্ট প্লাতিনিকে ‘অবৈধ অর্থ প্রদানের’ অভিযোগ রয়েছে ব্লাটারের বিরুদ্ধে। তবে দুজনই তাদের বিরুদ্ধে ওঠা সকল অপকর্মের অভিযোগ অস্বীকার করে আসছে।

বিষয়:ফিফা ফিফা দুর্নীতি সেপ ব্লাটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…