জমকালো আসর বসেছিল বার্লিনে, ২০১৯ সালের জন্য লরিয়াস ক্রীড়া পুরস্কার তুলে দিতে। সোমবার রাতে তারা ঝলমলে মঞ্চে দারুণসব মুহূর্তের দেখা মিলেছে। প্রথমবারের মতো কোনো ফুটবলার জিতেছেন সম্মাননাটি। প্রথমবার বছরের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন দুজন। ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের হাতেও উঠেছে একটি ট্রফি।
বছরের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি, ফুটবলারদের মধ্যে বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়কই প্রথমজন হিসেবে লরিয়াস বছরসেরার পুরস্কার হাতে তুললেন। যদিও অবকাশে থাকার কারণে উপস্থিত থেকে খেতাব নিতে পারেননি।

বছরের সেরায় সমান ভোটে মেসির যৌথসঙ্গী হয়েছেন ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। দুই দশকের ইতিহাসে এই প্রথম যৌথ বিজয়ী পেল লরিয়াস।
মেসি গত বছর প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর ট্রফি জিতেছেন। সঙ্গে ক্যারিয়ারের দশম লা লিগা শিরোপা। গোলের পর গোল করে চলার কীর্তি তো আছেই। ৩৫ বছর বয়সী হ্যামিল্টন সেখানে গতবছর ষষ্ঠবারের মতো ফর্মুলা ওয়ান সেরার ট্রফি উঁচিয়ে ধরেছেন।

উপস্থিত না থাকার কারণে ভিডিও বার্তায় মেসি বলেছেন, ‘আমি গর্বিত, দলীয় কোনো খেলার প্রথম ব্যক্তি হিসেবে প্রথম এই পুরস্কার জেতায়।’
ক্রীড়াপ্রেমীদের ভোটে গত দুইদশকের মধ্যে সেরা ক্রীড়া মুহূর্তের পুরস্কার গেছে টেন্ডুলকারের হাতে। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর তাকে কাঁধে তুলে উল্লাস করেছিলেন ধোনি-যুবরাজরা। ভারত দলের সেই উদযাপন সমর্থকদের ভোটে গ্রেটেস্ট মোমেন্ট নির্বাচিত হয়েছে, পুরস্কার উঠেছে শচীনের হাতে।

লরিয়াস বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোনে বিলেস। স্টুটগার্টে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণপদক জিতেছেন তিনি। ২০১৯ সালে বিশ্বকাপ জেতা সাউথ আফ্রিকার পুরুষ রাগবি দল হয়েছে বিশ্বসেরা দল।

ম্যাকাও গ্র্যান্ড প্রিক্সে ভয়াবহ দুর্ঘটনার পর আবারও ড্রাইভিংয়ে ফেরা ১৯ বছর বয়সী সোফিয়া ফ্লোয়রিশ ‘সেরা কামব্যাক অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন।







