দুই-একদিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিষয়ে কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান এম পি। বাফুফের নির্বাচন এবং ফুটবলের বিভিন্ন সমস্যা নিয়ে সাবেক ফুটবলারদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিসিবি সভাপতি।
গত কয়েক বছরে বাংলাদেশের ফুটবলের সামগ্রিক ব্যবস্থাপনায় অনেকটাই ধস নেমেছে। ফেডারেশন-ক্লাব দ্বন্দ্বের মাঝে নাজেহাল অবস্থা ফুটবলারদের। বিপর্যস্ত খেলোয়াড়রাও নিজেদের সংযত রাখতে পারছেন না। এরই মধ্যে অশোভন আচরণের দায়ে নিষেধাজ্ঞার কবলে জাতীয় দলের অধিনায়ক মামুনুলসহ কয়েক ফুটবলার।
সমাধানের পথ দেখাতে ব্যর্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। তাই ফুটবল রক্ষায় ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের দ্বারস্থ সাবেক জাতীয় ফুটবলাররা।
বিসিবি সভাপতি বলেন, উনারা কারও বিরুদ্ধে বা স্পেসিফিক কোন এজেন্ডা নিয়ে আসেন নি। উনারা ফুটবলের স্বার্থে এসেছেন। উনারা ফুটবলকে বাঁচাতে চান। উনারা চান ফুটবল আবার আগের জায়গায় ফেরত যাক।

সমাধান একা দিতে চান না নাজমুল হাসান। বাফুফে গোছাতে প্রয়োজন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। নাজমুল হাসান বলেন, এতো ঘাবড়াবার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে অত্যন্ত ভালোবাসেন। উনার বাবা বঙ্গবন্ধু ফুটবল খেলতেন, উনার দাদা খুব নামকরা ফুটবল প্লেয়ার ছিলেন। তাই ফুটবলকে ধ্বংস হতে উনি দিবেন না। কাজেই উনি যে সিদ্ধান্ত দেবেন তাই সঠিক হবে। 
৩০ এপ্রিল বাফুফে নির্বাচন। তাই দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায় ফুটবল সংগঠকরা। সাবেক তারকা ফুটবলার শামসুল আলম মঞ্জু বলেন, যেই নেতৃত্ব দুইটা টার্ম ছিলো এরা ফেল করেছে। আমরা নাজমুল হাসান সাহেবের কাছে আসছিলাম এটার একটা সুরাহা করার জন্য। গণতান্ত্রিক উপায়ে ইলেকশন হবে। ইলেকশনে যেনো আগেরবারের মতো কারচুপি না হয়, আমরা এটাই চাই।
এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নন বলে সাফ জানিয়ে দিয়েছেন বাফুফে’র বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।







