ফিলিপিন্সে কট্টরপন্থী প্রেসিডেন্ট প্রার্থী রদ্রিগো দোতেয়াত্রে নির্বাচনে জয় পাওয়ার দাবি করেছেন। সরকারি পিপিসিআরভি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা শেষে দোতেয়াত্রে ১ কোটি ৪৮ লাখ ভোট পেয়েছেন; যা গণনাকৃত ভোটের ৩৯ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানুয়েল রোক্সাস ৯০ লাখ ভোট পেয়েছেন; যা গণনাকৃত ভোটের ২৩ শতাংশ।
স্পষ্ট এবং বিতর্কিত কথা বলার জন্য সুপরিচিত দোতেয়াত্রে নির্বাচনে বিজয় পাবেন বলে নির্বাচন পূর্ব একাধিক জরিপে উঠে এসেছে। কিন্তু সন্ত্রাসীদের হত্যা করে সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দেওয়া এই প্রেসিডেন্ট প্রার্থীর ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে অনেকে শঙ্কাও প্রকাশ করেছেন।
সোমবার সকালে নির্বাচন শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষকে ভোটকেন্দ্রের লম্বা সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সন্ধ্যা ছয়টার মধ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার কথা। নির্বাচন শেষ হওয়ার এক দিনের মধ্যে ফলাফল দেওয়া হবে।
নির্বাচনের আগে একটি জরিপে দেখা গেছে, তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন। অ্যাকুইনোর পছন্দের প্রার্থী রোক্সাস আছেন দ্বিতীয় স্থানে।










