অভিনেত্রী ঈশিকা খান এখন লন্ডন প্রবাসী। দুই সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে বিয়ের পর সেখানেই স্থায়ী হয়েছেন তিনি। গত ২৩ জানুয়ারি সন্তানদের নিয়ে বেড়াতে এসেছিলেন ঢাকায়। চলমান করোনাভাইরাস প্রকোপের মধ্যেও তিনি আতঙ্ক নিয়ে লন্ডন ফিরে গেলেন।
দুবাই এয়ারপোর্টে ট্রানজিট থেকে ফেসবুকের মাধ্যমে চ্যানেল আই অনলাইনে ঈশিকা বলেন, বৃ্হস্পতিবার সকাল ১০টায় দুবাইয়ের ফ্লাইট ছিল। ওখানে আমার আত্মীয়রা থাকেন। সেখানে ৫ দিন থেকে লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে দুবাই কর্তৃপক্ষ ট্যুরিস্ট ভিসা বাতিল করেছে। তারা কাউকে তাদের দেশে ঢুকতে দিচ্ছে না।
বৃ্হস্পতিবার ঢাকা এয়ারপোর্ট থেকে বাসায় ফিরে যাই। এরপর শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ি।
ঈশিকা বলেন, ঢাকার এয়ারপোর্ট পুরোপুরি খালি। দেখে খুব ভয় পেয়েছি। এখন দুবাই ট্রানজিটে আছি। এর বাইরে নো এন্ট্রি। খুব ভয়ের মধ্যে আছি।
তিনি বলেন, টানা তিন মাসের বেশি থাকতে পারবো না। স্বামী সংসার লন্ডনে। এজন্য বাচ্চা দুটোকে নিয়ে ফিরে যেতে হচ্ছে। শুনেছি লন্ডনের অবস্থাও ভালো না। ভয়ে আছি। ওখানে পৌঁছে হোম কোয়ারেন্টাইলে থাকবো। সবার কাছে দোয়া চাইছি। সেইসাথে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।







