পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৪৯তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে (আইপিএইচও) বাংলাদেশ দল চারটি ব্রোঞ্জ জয় করেছে। শনিবার আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড কমিটি।
বাংলাদেশ দলের গাইড হিসেবে কাজ করেছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি সাহেদ ইব্রাহীম নবী। ফেসবুকে তিনি জানান, ব্রোঞ্জ পদক জয়ী চার জন শিক্ষার্থী হলেন, চট্টগ্রাম কলেজের আবরার আল শাদীদ আবীর, নটরডেম কলেজের ইরতিজা ইরাম ও তাহমিদ মোসাদ্দেক এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রাশেদুল ইসলাম।

বাংলাদেশ দলের দুইজন সদস্য তিন পয়েন্টের জন্য সিলভার পদক এবং বাকী একজন দুই পয়েন্টের জন্য অনারেবল মেনশন মিস করেছেন। এছাড়াও একটা সমস্যায় সম্পূর্ণ স্কোর করেছেন নটরডেম কলেজের ইরতিজা ইরাম।
গত সোমবার প্রথম ২০ নাম্বারের এবং বুধবার ৩০ নাম্বারের পরীক্ষা নেওয়া হয়।
আগামীকাল রবিবার সমাপনি ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে এবারের আয়োজন সমাপ্ত হবে। বাংলাদেশ দলের দলনেতা হিসাবে আছেন কোচ অধ্যাপক এম আরশাদ মোমেন এবং বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ।










