সেমিফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারানোর পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন রোববারের ফাইনালকে স্মরণীয় করে রাখতে চান তিনি।
দেশম বলেন, ‘রোববার আমাদের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, আমরা চাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে সেরা সাফল্য নিয়ে আসতে। ছেলেরা পুরো টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়েছে। এবার সর্বোচ্চটা দিয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের ফল ঘরে আনতে চাই।’
২০১৬ ইউরোর ফাইনালে হেরে যাওয়ার স্মৃতি টেনে ফরাসি বসের বক্তব্য, ‘ ঠিক দু’বছর আগে ইউরো ফাইনালে গিয়েছিলাম আমরা, কিন্তু তখন ফলাফল আমাদের পক্ষে যায়নি, এবার আমরা জয়ের জন্য মরিয়া।’
বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ৫১ মিনিটে এগিয়ে যায় ফ্রান্স । কর্নার পেয়ে শট নিতে এগিয়ে যান সেট পিস বিশেষজ্ঞ গ্রিজম্যান। কাছের পোস্টে দারুণ একটি ক্রস পাঠান। মিডফিল্ডার মারুয়ান ফেলাইনিকে বিট করে অনেকটা লাফিয়ে হেড করেন ডিফেন্ডার স্যামুয়েল উমিতিতি। সেটি চোখের পলকে জালে জড়িয়ে যায়।
উমিতিতির এই গোলেই বিশ্বকাপে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে ফ্রান্স। এমন জয়ে রাজধানী প্যারিসে বইছে আনন্দ মিছিল।
সমর্থকদের উদ্দেশ্যে দলের কোচ দেশমের বার্তা, ‘রোববারের ফাইনালে দেশের মানুষের কথা স্মরণ রেখেই খেলোয়াড়রা তাদের সর্বোচ্চটা দেবে। কারণ আমরা সবাই চাই সেমিফাইনালের আনন্দের চাইতে তারা বিশ্বকাপ জেতার আনন্দটা আরো বেশি করে উপভোগ করুক।’







