এশিয়াকাপের ফাইনালে ভালো অর্জনের জন্য নিজের ও দলের মানসিক দৃঢ়তা এবং জরুরি সময়ে তড়িৎ সিদ্ধান্ত নেয়ার ওপর জোর দিয়েছেন দলের কাণ্ডারি মাশরাফি বিন মর্তুজা।
দলের দৃঢ় মনোভাব প্রকাশ করে মাশরাফি বলেছেন ‘আমরা বিশ্বাস করি ফাইনাল ম্যাচ তারাই জেতে যারা সিদ্ধান্ত নিতে পারে। এখানে সিদ্ধান্ত মানে হচ্ছে জরুরি কোনো সময়ে দ্বিধা না করা’।
এশিয়া কাপের ফাইনালে ভারতকে ফেভারিট মানলেও দলগত পারফরম্যান্সের ওপর ভরসা রাখছেন মাশরাফি। বাড়তি চাপ না নিয়ে বিগত দুই ম্যাচের মতো শুরুটা ভালো করে শেষ অবধি ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি।
মিরপুরে ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানান, নিজেদের মাঠ, দর্শকের অকুণ্ঠ সমর্থন তাদের সঙ্গে আছে। ভারত শক্তিশালী দল হলেও দলীয়ভাবে খেলতে পারলে বাংলাদেশের জন্য ভালো সুযোগ আছে ম্যাচ জেতার।
ফাইনালের আগে সাবলীলভাবে মাশরাফি বললেন, ‘ক্লিয়ারলি ইন্ডিয়া ফেভারিট এইটা সবাই জানে। এখানে আলাদা করে চিন্তা করার তো কিছু নাই। আমরা যেটা করতে পারি সেটা হলো টিম হিসেবে খেলা। বাংলাদেশের টি-টুয়েন্টি বাস্তবতায় দু-একজন একাই ম্যাচ জেতাবে এমন অবস্থা এখনো দলের হয়নি। তবে আমাদের ভালো সুযোগ আছে। মাঠ আমাদের, দর্শকরাও আমাদের সঙ্গে আছে। কিন্তু ক্রিকেটে কোনো কিছুকে শেষ কথা বলে ধরে নেয়ার কিছু নাই। সব কিছু আপনার পক্ষে থাকলে যে দিনটি আপনারই হবে সেরকম কিছু না। আমি বরং আগের দু’টো ম্যাচের মতোই খেলতে চাই। আমরা যদি শুরুটা গত ম্যাচগুলোর মতো ভালো ভাবে শুরু করে শেষ পর্যন্ত নিতে পারি তাহলে অবশ্যই ভালো সুযোগ আছে আমাদের’।







