চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগুনে ফুটবল খেলার হুমকি দিয়েছেন লিভারপুল কোচ ক্লপ।
বুধবার রাতে রোমার বিপক্ষে সেমির দ্বিতীয় লেগে ৪-২ গোলে হেরেও ২০০৮ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেছে ইংলিশ জায়ান্টরা। সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকিট কাটে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ঘরের মাঠে ৫-২ গোলে জিতে এগিয়ে ছিল ইংলিশ দলটি। ২৬ মে কিয়েভে ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে তারা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘আমরা লিগ কাপের ফাইনাল জিততে পারিনি। ফাইনালে যাওয়ার জন্য লোকে কিন্তু আমাকে ধন্যবাদ দেয়নি। এখন আরেকটি ফাইনালে সামনে রিয়াল। এই প্রতিযোগিতায় তাদের থেকে কেউ অভিজ্ঞ হতে পারে না। কিন্তু আপনি ধরে রাখতে পারেন ফাইনালে আমরা আগুনে ফুটবল খেলব।’
গেল ম্যাচে রোমা এবং তার দল ক্রেজি ফুটবল খেলেছে বলে মন্তব্য করেন ক্লপ, ‘অতিরিক্ত সময়ে দুই দলই ক্রেজি ছিল। কী হলে কী হতো, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।‘
লিভারপুলের মতো দলকে এই মৌসুমে ফাইনালে নিয়ে আসার বিষয়ে তিনি বলেন, ‘আমি কয়েকবার চ্যাম্পিয়ন্স লিগের অংশ হয়েছি। আপনি যদি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা অথবা বায়ার্ন মিউনিখ না হন তাহলে পরিকল্পনা করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আসতে পারবেন না। তারা সাধারণত শেষ চার খেলে থাকে। তাদের জন্য কাজটা যত কঠিন, আমাদের জন্য আরো বেশি কঠিন।’







