প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়া। রোববার ফ্রান্সের মুখোমুখি হবে দলটি। তার আগে শঙ্কা মেঘ ভর করেছে ক্রোয়েট ডেরায়। ঊরুতে চোট পেয়ে ফাইনালে অনিশ্চিত হয়ে পড়েছেন অন্যতম ভরসা ইভান পেরিসিচ।
মস্কোর একটি হাসপাতালে পেরিসিচের চিকিৎসা চলছে। খুব বড় কোন পরিবর্তন না ঘটে গেলে ফাইনালে পেরিসিচের খেলার আশা নেই বলেই জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো। সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পান তিনি। ম্যাচ শেষেও পায়ে বরফ দিতে দেখা যায় এ ক্রোয়েট তারকা।
তবে পেরিসিচকে নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ক্রোয়েশিয়ার পক্ষ থেকে। কোচ জ্লাতকো দালিচ জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তিনি অপেক্ষা করবেন। চিকিৎসকের রিপোর্ট দেখে শেষমুহুর্ত সিদ্ধান্ত নেবেন।
‘পেরিসিচ যদি খেলতে না পারে, সেটা সত্যিই আমাদের দলের পক্ষে একটা বড় ধাক্কা। আমাদের দল ওর ওপরে অনেকটাই নির্ভর করে। তবে না খেললে দলের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। তরুণ বিকল্প এবং প্ল্যান বি- দুটোই তৈরি আছে।’ যোগ করেন দালিচ।
পেরিসিচ অবশ্য ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী। তার কাছে ফাইনালটা বদলার লড়াই, ‘ফ্রান্স ১৯৯৮ সালে আমাদের সেমিফাইনালে হারিয়েছিল। এবার ফলটা পাল্টে দিতে চাই।’
রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন পেরিসিচ। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোলও করেছেন। পাশাপাশি প্লে–মেকারের ভূমিকাতে তো সফলই।







