ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মূল আকর্ষণের জায়গা বিদেশি ক্রিকেটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশিদের দাপটের কারণেই জনপ্রিয় ভক্তদের মাঝে। বড় তারকা মানেই দর্শক-সাড়া। বিপিএলের দশম আসরের শুরুতে বিদেশি মহাতারকা তেমন দেখা যায়নি। তবে প্লে-অফের আগে শক্তি বাড়াতে ডিরেক্ট সাইনিংয়ে ব্যস্ত ফ্যাঞ্চাইজিরা। বিপিএলের চট্টগ্রাম পর্বে বসতে যাচ্ছে তাঁরার মেলা
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মঙ্গলবার চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে নামছে মঈন আলীকে নিয়ে। গত রাতে বন্দরনগরীতে পৌঁছান তিনি। ইংলিশ স্পিনিং অলরাউন্ডার গতবার কুমিল্লাকে শিরোপা এনে দিতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান।
সাউথ আফ্রিকার টি-টুয়েন্টি লিগ শেষ হওয়ায় বিপিএলমুখী হচ্ছেন বিশ্বতারকারা। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলে চট্টগ্রামের বিমান ধরবেন ক্যারিবীয় তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ক্যারিবীয় ওপেনার জনসন চার্লসও সিরিজ শেষে কুমিল্লায় যোগ দেবেন। আইএল টি-টুয়েন্টি শেষ করে আসবেন আরেক ক্যারিবীয় বিশ্বকাপজয়ী সুনীল নারাইন। বিপিএলের প্রথম দুই ম্যাচ খেলে যাওয়া রোস্টন চেজও ফিরবেন সিরিজ শেষে।
ফরচুন বরিশালের হয়ে খেলতে বুধবার বিকেলে আসছেন সাউথ আফ্রিকার তারকা বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। আসার কথা রয়েছে প্রোটিয়া মারকুটে ব্যাটার ডেভিড মিলারের।
ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের চুক্তি রংপুর রাইডার্সের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের পর তাকে পাচ্ছে দলটি। গতবার ফরচুন বরিশালের হয়ে খেলা সাউথ আফ্রিকান অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস এবার খেলবেন রংপুরে। দু-এক দিনের মধ্যেই তার চট্টগ্রামে এসে পৌঁছানোর কথা।
খুলনা টাইগার্সের হয়ে বিপিএলের শুরুর দুই ম্যাচ খেলে যাওয়া ক্যারিবীয় ক্রিকেটার শাই হোপ ও ওশান টমাস ফিরবেন চট্টগ্রাম পর্বে। আমিরাতের লিগ শেষ করতে ফিরবেন দাসুন শানাকা। এর বাইরে দলটি নতুন করে চুক্তি করেছে জেসন হোল্ডারের সঙ্গে। ইংল্যান্ডের মারকুটে ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে খুলনা দুই ম্যাচের জন্য চুক্তি করেছে।
ইংল্যান্ডের মারকুটে ওপেনার ফিল সল্টের সঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চুক্তি। সিলেট স্ট্রাইকার্সে যোগ দেবেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো পেরেরা। আজ থেকে শুরু হতে যাওয়া বিপিএলের চট্টগ্রাম পর্বে বসতে যাচ্ছে তাঁরার মেলা। বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্লে-অফ নিশ্চিতের লড়াইয়ে থাকবে দলগুলো।








