ক্যান্সারের বিপক্ষে লড়াইয়ে হেরে গেছেন মোশাররফ রুবেল। ৪০ বর্ষী স্পিনারের জীবনের পাশাপাশি মরণব্যাধি রোগটি কেড়ে নিয়েছে পরিবারের ভরসাও। মানবিক বিবেচনায় প্রয়াত টাইগার ক্রিকেটারের কবর স্থায়ী করার পর এবার তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
লাল-সবুজের জার্সিতে পাঁচটি একদিনের ম্যাচ খেলা রুবেলের বাসায় গিয়েছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। কথা বলেছেন তার পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে, দিয়েছেন যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস।

ভেরিফায়েড ফেসবুকে পরে এক পোস্টে মেয়র লিখেছেন, ‘ক্রিকেটার রুবেল ছিলেন বাংলাদেশ ক্রিকেটের একটি অমূল্য সম্পদ। তার চলে যাওয়ায় শূন্যস্থানের তৈরি হয়েছে। প্রয়াত ক্রিকেটার রুবেলের বাসায় পরিদর্শন এবং তার আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ হয়েছে। রুবেলের পরিবারের যেকোনো প্রয়োজনে ভবিষ্যতে ডিএনসিসি পাশে থাকবে।’
মস্তিষ্কের ক্যান্সারের সঙ্গে তিন বছর লড়াই করে চলতি মাসের ১৯ তারিখ মারা যান টাইগার তারর। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তার স্ত্রী চৈতি ফারহানা প্রধানমন্ত্রীর কাছে কবরটি স্থায়ী করার আকুতি জানালে সাড়া দিয়েছেন মেয়র আতিকুল।

বাংলাদেশের জার্সি গায়ে ২০০৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল রুবেলের। জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে খেলার সুযোগ হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে নিয়েছেন ৩৯২ উইকেট। জাতীয় দলের হয়ে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন বাঁহাতি স্পিনার।







