কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৫টি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাবেক বিশ্বসুন্দরী এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন: ‘ফেলে আসা দু:সহ স্মৃতি রোহিঙ্গা শিশুদের বাকি জীবন বয়ে বেড়াতে হবে। শারীরিক ও মানসিকভাবে তারা সবসময় দুর্বল থাকবে। অনেক রোহিঙ্গা শিশু ভয় নিয়েই বেড়ে উঠবে। এদের ভবিষ্যত বিনির্মাণে সবার সহযোগিতা দরকার।’
কক্সবাজারের জামতলি রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিত উন্নয়ন কর্মীসহ সবার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
প্রিয়াঙ্কা চোপড়া বলেন: ‘আসুন সবাই মিলে তাদের সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করি। কারণ এখন তাদের জীবন ফ্যাকাসে। আমাদের সবার সহযোগিতায় বদলে যেতে পারে রোহিঙ্গা শিশুদের জীবন। আসুন, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে তাদের জীবন পাল্টে দিতে কাজ করি।’
গত সোমবার ইউনিসেফের হয়ে প্রিয়াঙ্কা চোপড়া বাংলাদেশে এসেছেন। প্রকৃতি, স্বাস্থ্য, শিক্ষা, নারী অধিকার ইত্যাদি বিষয়ে কাজ করে চলেছেন এ বলিউড অভিনেত্রী।
এর আগে গত বছর প্রিয়াঙ্কা চোপড়া সিরিয়ান শরণার্থী শিশুদের সঙ্গে সাক্ষাৎ করতে জর্ডানে গিয়েছিলেন।








