রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাদের বদলে যাওয়ার গল্প শুনিয়েছেন বিশিষ্ট অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
প্রিয়াঙ্কা বলেন: রোহিঙ্গা শিশুদের নিরাপদ ভবিষ্যতের দায় কেউ এড়িয়ে যেতে পারে না।
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে যারা বাংলাদেশে এসেছেন তাদের একটি বড় অংশই নারী ও শিশু। সম্প্রতি ইউনিসেফের তথ্যমতে, রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন গড়ে জন্ম নিচ্ছে ৬০টি শিশু। আর দুই লাখেরও বেশি শিশু রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে।
এই অবস্থায় ইউনিসেফের আমন্ত্রণে এসেছেন তাদের শুভেচ্ছদূত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রোহিঙ্গাদের কাছ থেকে নৃশংতার কথা শোনেন তিনি। আর সেই ভয়াবহ অভিজ্ঞতা জানাতেই সংবাদ সম্মেলন।
তিনি বলেন: একটি ভয়ঙ্কর পরিবেশের মধ্য দিয়ে পৃথিবীর আলো দেখছে রোহিঙ্গা শিশুরা। যেকোন মানবশিশুর সবচেয়ে বড় পরিচয় সে শিশু। অথচ এই শিশুরা শিক্ষা, খাদ্য, চিকিৎসার মতো মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। শিশুদের মধ্যে বিভক্তি থাকতে পারে না।
প্রিয়াঙ্কা বলেন: এরই মধ্যে বাংলাদেশ উদারতার পরিচয় দিয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশ্বকে এগিয়ে আসতে হবে। আমি দেখেছি রোহিঙ্গা শিশুরা পুড়ে যাওয়া গ্রাম ও রক্তাত লাশের ছবি একেছে। তবে এখানে আসার পর তারা গ্রাম-বাংলার ছবি আঁকছে। অর্থাৎ তারা একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখছে।
এই মুহুর্তে যারা মা হয়েছেন বা হবেন তাদের এবং নবজাতকদের সব ধরনের সাহায্য জরুরি বলেও জানান তিনি।
বিস্তারিত দেখুন সামিয়া রহমান প্রিমার ভিডিও রিপোর্টে:







