‘সেলফি মৃত্যু ঘটাতে পারে’, ভারতের কর্ণাটক রাজ্যের প্রশাসন এমন প্রচারণাই চালাচ্ছে। সাম্প্রতিক কয়েক মাসে সেলফি তুলতে গিয়ে চার শিক্ষার্থীর মৃত্যুর পর এমন পদক্ষেপ।
সাম্প্রতিক যে ঘটনাগুলো রাজ্য সরকারকে এমন প্রচারণায় উদ্বুদ্ধ করে তার একটি ঘটে গত সেপ্টেম্বরের শেষ দিকে। বন্ধুদের সেলফি তোলার উচ্ছ্বল মুহুর্তটিতে ঠিক পাশেই মৃত্যু হয় একজনের। ন্যাশনাল কলেজ অব বেঙ্গালুরুর ২৫ শিক্ষার্থী রামা নগরে পিকনিকে গিয়ে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়।
স্থানীয় এক পুকুরে গোসল করতে নেমেছিলো তারা। ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছিলো। পরবর্তীতে মন্দির পরিদর্শনে গেলে তাদের মধ্যে একজন বিশ্বাস জি’কে নিখোঁজ দেখতে পায়। পরে এক ফেলফিতে দেখা যায়, সবাই যখন সেলফি তোলার পোজ দিচ্ছিল, বিশ্বাস তখন পানিতে ডুবে যাচ্ছিল। পরে স্থানীয় কাগালিপুরা থানার পুলিশ পুকুর থেকে উদ্ধার করে ১৭ বছর বয়সী বিশ্বাসের লাশ।

এর কয়েক সপ্তাহ পর সেই মন্দিরের কয়েক ঘন্টার দুরুত্বে আরও এক মর্মান্তিক ঘটনা ঘটে। সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা যায় তিন কিশোর।

রেল লাইনের সেই স্থানটির পাশ্ববর্তী গ্রামে থাকা ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র শারদ গৌড় বিবিসিকে ঘটনাটির বর্ণনা দেন। তিনি বলেন, ভিড় দেখে সেখানে গিয়ে দেখি মানব শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, তারা রেল লাইনের উপর শুয়ে সেলফি তোলার চেষ্টা করছিলো। তাই ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি।
“নিহত তিন জনের একজনের জন্মদিন ছিলো দিনটি।”

এই দুই ঘটনা কর্ণাটকের রাজ্য সরকারকে নড়ে চড়ে বসতে বাধ্য করে। সেলফি যেনো ‘কিলফি’ হয়ে না যায়, তার জন্য তরুণদের আরও সচেতন করতে উদ্যোগ নেয়।
কর্নাটকের পর্যটন মন্ত্রী প্রিয়াঙ্ক খার্জ ১১টি জেলার পর্যটক স্থানগুলোতে নতুন নতুন নির্দেশিকা টানানোর কথা জানান। সেখানে ‘সেলফি মৃত্যু ঘটাতে পারে’ এমন বার্তাও রয়েছে। বিপদজনক সেলফি বিষয়ে সতর্ক করতে সামাজিক মাধ্যমেও প্রচারণা শুরুর কথা জানান তিনি।
ভারতে বিক্রিত মোবাইল ফোনের সংখ্যা ১০০ কোটি ১০ লাখেরও বেশি। এর মধ্যে ৩০ কোটিরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করে।
বিশেষজ্ঞরা বলেন, সামাজিক মাধ্যমে আসক্ত তরুণরা একটি নিখুঁত সেলফির জন্য চরম পর্যায়ে চলে যায়। বেপরোয়া, অপ্রয়োজনীয় ঝুঁকি নেয় অনেক সময়।
কার্নেগি মেলোন ইউনিভার্সিটি ও ইন্দ্রপ্রস্থ ইন্সটিটিউট অব ইনফর্মেশনের একটি গবেষণায় জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে সেলফি সংক্রান্ত মৃত্যুর হার ভারতেই অনেক বেশি।
মার্চ, ২০১৪ থেকে সেপ্টেম্বর, ২০১৬ পর্যন্ত বিশ্বের ১২৭টি সেলফি সংক্রান্ত মৃত্যু চিহ্নিত করে বিশেষজ্ঞরা জানায়, এর ৭৬টি ভারতে হয়েছে, যাদের অধিকাংশই তরুণ।
সেলফি বিষয়ক প্রচারণার বিষয়ে পর্যটনমন্ত্রী বলেন, আমাদের প্রচারণায় বলবো স্মার্টফোন থাকা ভালো, কিন্তু এটা স্মার্টলি ব্যবহার করতে হবে।







