রাজধানীর খিলক্ষেতে প্রাইভেটকারের ওপর যাত্রীবাহী বাস উঠে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রোববার বিকাল ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস একটি প্রাইভেটকারের ওপরে উঠে পড়ে।
এসময় মোহাম্মদপুর-আব্দুল্লাহপুর রুটের তেঁতুলিয়া পরিবহনের আরেকটি বাসও সময়মতো সামলে নিতে না পারায় দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার পর রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ সরিয়ে নিলে আবার যান চলাচল স্বাভাবিক হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।







