সম্পাদকীয়

শিক্ষামন্ত্রী কি শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হাসতে পারবেন?

শিক্ষামন্ত্রী কি শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হাসতে পারবেন?

প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কয়েকবছর ধরে বিভিন্ন পাবলিক পরীক্ষার আগে পরে বহুল আলোচিত বিষয়। এ বছরও প্রশ্ন ফাঁসের শঙ্কা নিয়েই শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে আশার কথা হচ্ছে প্রথম পরীক্ষার দিনে প্রশ্নপত্র ফাঁসের কোনো অভিযোগ নেই। সমালোচনা ও নানা সামাজিক আন্দোলনের মুখে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। দিনরাত এক করে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কোনো ধরণের বিতর্ক এড়াতে তিনি এবার পরীক্ষার হলে পর্যন্ত প্রবেশ করেননি, যা যেকোনো শিক্ষামন্ত্রীর জন্য একটি ব্যতিক্রমী ঘটনা। তেরো লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে এই পরীক্ষায় বাংলাদেশের কোনো অজপাড়া গাঁয়েও যদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে, তাহলে সমালোচনার প্রথম তীরটি শিক্ষামন্ত্রীর গায়ে লাগবে। সেই হিসেবে প্রথমদিনে সফল শিক্ষামন্ত্রী ও প্রশাসন। প্রথমদিনের এই সাফল্যের জন্য শিক্ষামন্ত্রীসহ প্রশাসন ধন্যবাদ পেতেই পারেন। সামাজিক মাধ্যমে নজরদারি, লটারির মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্রের সেট নির্বাচন, কোচিং সেন্টার বন্ধ, পরীক্ষাকেন্দ্রের আশেপাশে মোবাইল ফোন বন্ধ, ডিজিটাল ডিভাইস রোধে তল্লাশিসহ নানা পদক্ষেপ প্রশ্নপত্র ফাঁসের মতো অপচেষ্টা প্রতিরোধে কতোটা কার্যকর হয়, তা দেখতে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। কয়েক বছর ধরে প্রশ্নপত্র ফাঁসের অপ্রতিরোধ্য ধারা রাতারাতি বন্ধ হয়তো হবে না, তারপরও শুধুমাত্র শিক্ষামন্ত্রীকে একতরফা দায়ী না করে সবাইকে সচেতন হয়ে চেষ্টা করতে হবে। একসময় দেশে নকল করে পরীক্ষা দেবার যে ধারা ছিল, তা সফলভাবে দূর করা গেছে দেশের শিক্ষা ব্যবস্থা থেকে। তেমনি প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে প্রয়োজন গণসচেতনতা ও নানামুখি কার্যকর পদক্ষেপ। তাহলে হয়তো ধীরে ধীরে এ দুষ্ট প্রক্রিয়াও দূর হবে। এইচএসসি শিক্ষার্থীরা এই পরীক্ষা পর্বের পরে মুখোমুখি হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্বের, যেখানে তারা তাদের স্কুল-কলেজের ১২ বছরের অর্জিত শিক্ষার প্রয়োগ দেখাতে পারবে। অভিভাবকসহ শিক্ষার্থীদের এ বিষয়টি গভীরভাবে উপলব্ধি করা দরকার। প্রথমদিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগমুক্ত সফলতার হাসি শেষ পর্যন্ত থাকুক শিক্ষামন্ত্রীসহ প্রশাসনের, এই আমাদের প্রত্যাশা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…