ভারতের প্রভাবশালী তারকাদের মধ্যে এ বছর সালমান খান ও অমিতাভ বচ্চনকে পিছনে ফেলে এক নম্বর অবস্থানে চলে এসেছেন প্রভাবশালী তারকা কিং খান শাহরুখ খান।
গতবছর ১০০ জনের তালিকায় শাহরুখ তিন নম্বরে থাকলেও এবার শীর্ষস্থানে তিনি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সালমান খান আর তৃতীয় অবস্থানে আছেন শাহেনশাহ অমিতাভ বচ্চন।
শাহরুখের এবছর আর্থিক আয় আড়াশো কোটি রুপির কারণে প্রভাবশালীদের শীর্ষে তিনিই। দুইশ কোটি রুপি আয় নিয়ে দ্বিতীয় স্থানে দাবাং খান। আর তৃতীয় অবস্থানের অমিতাভের আয় একশ বারো কোটি রুপি।
প্রতিবছর ফোর্বস ইন্ডিয়া ভারতের ১০০ প্রভাবশালী তারকাদের তালিকা প্রকাশ করে থাকে। সম্প্রতি ফোর্বসের এ তালিকাটি প্রকাশ করা হয়। মূলত তারকাদের আয়ের উপর ভিত্তি করেই এ তালিকাটি প্রকাশ করে ফোর্বস।
এবছর চতুর্থ স্থানে অবস্থান করছেন ভারতীয় ক্রিকেটার এম এস ধোনি। পঞ্চম স্থানে রয়েছেন আমির খান। ‘পিকে’র সাফল্যের পর এবছর তার আয় হয়েছে একশ’চার কোটি রুপি।
ষষ্ঠ স্থানে রয়েছেন অক্ষয় কুমার, সপ্তম স্থানে বর্তমান ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি, অষ্টম স্থানে রয়েছেন, শচিন টেন্ডুলকার, নবম স্থানে দীপিকা পাডুকোণ, দশম স্থানে ঋতিক রোশন।
এছাড়াও রণবীর কাপুর, রোহিত শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, এ আর রহমান, শহীদ কাপুর, আলিয়া ভাট, বিপাশা বসু, সোনাক্ষি সিনহা, রণবীর সিং, সনু নিগাম, অজয় দেবগান, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, সোনাম কাপুর’র মতো অনেক নায়ক-নায়িকার নাম রয়েছে প্রভাবশালী তারকাদের তালিকায়।






