মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেন আলোচনায় আসতে কোনো কষ্টই করতে হয় না! জেনে না জেনে নিজের আচরণ আর কথাবার্তার মধ্য দিয়েই বিতর্কের জন্ম দেন তিনি।
এবার একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে আরেক দেশের প্রধানমন্ত্রী ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে আবারও বিতর্কিত হলেন ট্রাম্প।
আর অনলাইনে সেই ধাক্কা দেয়ার ভিডিও ভাইরালও হয়ে গেল!
বেলজিয়ামের ব্রাসেলসে আয়োজিত ন্যাটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন) জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ন্যাটো সম্মেলন। সেখানে সম্মেলন শেষে উপস্থিত রাষ্ট্রনায়কেরা এগিয়ে যাচ্ছিলেন একসঙ্গে ছবি তোলার জন্য।
এর মাঝেই হঠাৎ ডোনাল্ড ট্রাম্প পেছন থেকে এসে সামনে থাকা মন্টেনিগ্রোর প্রধানমন্ত্রী ডুসকো মার্কোভিচের কাঁধ টেনে ধরেন। তারপর তাকে ঠেলে পেছনে সরিয়ে নিজে সামনে চলে আসেন। মার্কোভিচকে ঠেলে সরানোর ওই দৃশ্য ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায়। মার্কোভিচসহ আশপাশে থাকা অন্যদের চেহারায় খানিকটা বিস্ময়ও দেখা যায় সেই ভিডিওতে।
গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ হওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে ভাইরাল হওয়া ভিডিও দৃশ্যতে দেখা যাওয়া ঘটনাটি তেমন কিছু নয় বলে মন্তব্য করেছেন মন্টেনিগ্রোর প্রধানমন্ত্রী নিজেই। ওয়াশিংটন পোস্টকে ডুসকো মার্কোভিচ বলেছেন, ঘটনাটি আক্রমণাত্মক কিছু ছিল না। ‘আমি বিষয়টিকে অন্য কোনোভাবেই দেখি না,’ বলেন তিনি।
অন্যদিকে ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার ইউএসএ টুডে’কে বলেন, ভিডিওটি তিনি দেখেননি। তবে ঘটনাটি আসলে তেমন কিছু নয়। ছবি তোলার জন্য ট্রাম্প নিজের নির্ধারিত জায়গায় দাঁড়ানোর উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছিলেন বলে মন্তব্য করেন তিনি।
ভিডিওতে দেখুন ট্রাম্পের ভাইরাল হওয়া ধাক্কার দৃশ্যটি:








