এ বছরের ম্যান বুকার পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের লেখক পল বিটি। মার্কিনি হিসেবে তিনিই প্রথম এই পুরস্কার পাওয়ার সম্মান অর্জন করলেন।
‘দ্য সেলআউট’ উপন্যাসের জন্য পলকে এ পুরস্কার দেয়া হয়।
৫৪ বছর বয়সী পল বিটির জন্ম যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। তার বই ‘দ্য সেলআউট’-এর যুক্তরাষ্ট্রের বর্ণবাদী রাজনীতি নিয়ে লেখা একটি ব্যাঙ্গাত্মক ও হাস্যরসাত্মক উপন্যাস।
পুরস্কারের বিচারকদের মতে, উপন্যাসটি পলকে মার্ক টোয়েন এবং জোনাথন সুইফটের পর্যায়ে নিয়ে যেতে পেরেছে।
উপন্যাসটির মূল চরিত্র এক আফ্রিকান আমেরিকান ব্যক্তি। সে তার জাতিগত পরিচয় প্রতিষ্ঠার জন্য যাচ্ছেতাইভাবে আইনের পরোয়া না করে নানা ধরণের কাজ করতে থাকে এবং এর মধ্য দিয়ে দেশে দাসত্ব আর বৈষম্য ফিরিয়ে আনে।
পল ছাড়া পুরস্কারটির জন্য সর্বশেষ মনোনীতদের তালিকায় আরও ছিলেন:
- ডেবরাহ লেভি (যুক্তরাজ্য), বই: ‘হট মিল্ক’;
- গ্রাইমি ম্যাকরে বার্নেট (যুক্তরাজ্য), বই: ‘হিজ ব্লাডি প্রজেক্ট’;
- ওটেসা মশফেগ (যুক্তরাষ্ট্র), বই: ‘এইলিন’;
- ডেভিড জালে (কানাডা-যুক্তরাজ্য), বই: ‘অল দ্যাট ম্যান ইজ’ এবং
- ম্যাডেলাইন থিয়েন (কানাডা), বই: ‘ডু নট সে উই হ্যাভ নাথিং’।








