এশিয়া কাপে প্রতি ম্যাচেই নিয়েছেন উইকেট। ভারতের বিপক্ষে ফাইনালে করেছেন দুর্দান্ত বোলিং। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে দুই শিকার। দারুণ ফর্মে থাকা সেই রুবেল হোসেনই রোববার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অনিশ্চিত।
জ্বরের কারণে ক্যাম্পের শুরু থেকে অনুশীলন করতে পারেননি রুবেল। যেতে হয়েছিল হাসপাতালেও। শনিবার মাঠে এসেও করতে পারেননি বোলিং অনুশীলন। প্রথম ম্যাচে এ ডানহাতি পেসারের নামা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
রুবেলের অসুস্থতার আপডেট জানিয়ে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বললেন, ‘রুবেল হাসপাতাল থেকে এসেছে গতকাল। পুরোপুরি আরোগ্যের ব্যাপার আছে। গায়ে জ্বর ছিল, অ্যান্টিবায়োটিক খেয়েছে। ওর ইনজুরি ফিজিও খুব কাছ থেকে দেখছে। শেষপর্যন্ত কী অবস্থা হয় তার উপর নির্ভর করবে। এছাড়া টিমের সবাই ভালো অবস্থায় আছে। আর যে দুজন(সাকিব-তামিম) নেই, তারা তো অনেক আগে থেকেই নেই।’
জাতীয় দলে চোটের হানা লেগেই আছে। এশিয়া কাপে চোট নিয়ে ফিরে আসেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। অপরিহার্য দুই ক্রিকেটার খেলতে পারছেন না জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। মুশফিকুর রহিমের চোট ছিল পাঁজরে। আর মাশরাফীর আঙুলে।
যদিও নিজের চোট নিয়ে ভাবিত নন মাশরাফী। মুশফিক ভালো অবস্থায় আছে বলেই জানালেন অধিনায়ক।
‘আমি একটা ফরম্যাটে খেলি যে কারণে আমাকে ওভাবেই মানসিক প্রস্তুতি রাখতে হয়। টুকটাক সমস্যা হলেও খেলি। কারণ আমি তো সব ফরম্যাটে খেলি না। আমাকে পরের সিরিজের চিন্তা করলে সবসময়ই এই সিরিজটা খেলা গুরুত্বপূর্ণ এভাবে ভাবতে হয়। অন্যদের ক্ষেত্রে যেটা হয়, তারা সব ফরম্যাট খেলে। কেউ যদি টিমে না থাকে সে চারদিনের ম্যাচও খেলতে পারবে। সেটা আমার ক্ষেত্রে হয় না। আমাকে আন্তর্জাতিক ক্রিকেট ও অনুশীলনের ওপর নির্ভর করতে হয়। আমি ভালোর দিকে আছি। মুশফিকও ভালো ফিল করছে।’








