১৪ মাস পর টেস্ট খেলতে নেমে নিজের প্রথম ওভারেই সাফল্য পেলেন তাসকিন আহমেদ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিককে ওভারের শেষ বলে বোল্ড করেন তাসকিন। স্বাগতিকদের স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই সাফল্য পায় বাংলাদেশ।
বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন টসই হয়নি। দ্বিতীয় দিন ১৫ মিনিট এগিয়ে পৌনে ১১টায় শুরু হয় মাঠের লড়াই।
এক পরিবর্তন নিয়ে মাঠে নামে টিম টাইগার্স। পেসার শরিফুল ইসলামের জায়গায় আসেন তাসকিন আহমেদ। গত বছরের জুনে সবশেষ টেস্ট খেলেছিলেন ঢাকা এক্সপ্রেস।
২৩ বছর অপেক্ষার পর পাকিস্তানকে টেস্টে হারাতে পেরেছে বাংলাদেশ। তাদের ঘরের মাঠে ১০ উইকেটে বড় জয় পেয়ে লাল-সবুজ দল। এবার সিরিজ জেতার মিশন বাংলাদেশের।







