যে প্রজ্ঞাপনের কারণে রেল কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে, তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বাকি দাবি দাওয়ার বিষয়ে ১৯ তারিখের মধ্যে ভালো ফলাফল আসবে আসবে জানিয়ে রেলমন্ত্রী কর্মদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীর সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম জানান, এই মুহূর্ত থেকে কর্মীরা কাজে যোগ দিবে।
এর আগে বেতন-ভাতা নিয়ে জটিলতা নিরসনের দাবিতে রেল কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ায় সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ভোর থেকে কমলাপুর রেল স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। রেল কর্মচারীরা জানিয়েছেন, পেনশন ও আনুতোষিক গ্রহণের ক্ষেত্রে ভাতা যোগ করার বিধান বাতিল করে জারি করা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রানিং স্টাফরা এই ধর্মঘট শুরু করেছেন।
আকস্মিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনে এসে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। টিকিট ফেরত দিতে কাউন্টারগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তারা।








