প্যারিসের বিভিন্ন স্থানে চালানো হামলায় ৭ থেকে ৮ জন অংশ নেয় বলে প্রাথমিকভাবে নিশ্চত করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। তারা বলছে এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচ হামলাকারী নিহত হয়েছে। এর মধ্যে দু’জন আত্মঘাতী হামলায়, অন্য তিনজন বন্দুকধারী নিহত হয় পুলিশের গুলিতে। তবে এখনো হামলাকারীদের কেউ কেউ লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইতিমধ্যে হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ফ্রান্স পুলিশ বলছে, হামলাকারীর সংখ্য ছিলো ৭ থেকে ৮ জন। আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪ পুলিশ সদস্যসহ দেড়শতাধিক সাধারণ মানুষ নিহতের খবর পাওয়া গেছে। ঘটনায় পরপরই ফ্রান্স তার সীমান্ত বন্ধ করে দেওয়ার পাশাপাশি দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে।
পরিস্থিতি সামাল দিতে দেড় হাজার সেনা সদস্যকে ব্যারাক থেকে ডেকে পাঠানো হয়েছে। স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন, জার্মানীর চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতারা তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
হত্যাকাণ্ডে জড়িতদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।







