বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ড্রয়ের পর এবার প্যারাগুয়ের কাছে হেরেছে আর্জেন্টিনা। এই হারে আর্জেন্টিনার রাশিয়া বিশ্বকাপ যাত্রা অনেকটাই শঙ্কার মুখে।
আগের দুই ম্যাচে ড্র করে এমনিতেই চাপে ছিল আর্জেন্টিনা। তার উপর এই ম্যাচেও দলে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। এর মধ্যেই ম্যাচের ১৮ মিনিটে রোমেরু ভিলামায়ের পাস থেকে গোল করে প্যারাগুয়েকে এগিয়ে নেন দেরলিস গঞ্জালেস। তবে ছয় মিনিট পরই সমতা ফেরানোর সহজ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ স্বাগতিকরা।
গোল শোধের মোক্ষম সুযোগ আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। কিন্তু সার্জিও আগুয়েরো পেনাল্টি মিস করে সে সুযোগ নষ্ট করেন। ফলে ড্র করার সুযোগ হারায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা থেকে চারটি দল সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম দলটির বিশ্বকাপে সুযোগ পেতে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে প্লে-অফ খেলতে হবে।







