ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা টি-টুয়েন্টি বোলিং পারফরম্যান্সের ট্রফি বুঝে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শনিবার বিকেলে মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ দলের অনুশীলন শেষে ফিজের হাতে ট্রফি তুলে দেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম।
ভারতের মাটিতে গত টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে কিউই ব্যাটিংকে বিপর্যস্ত করে পাঁচ উইকেট নিতে খরচ করেছিলেন ২২ রান। সেটাই বর্ষসেরা টি-টুয়েন্টি বোলিংয়ের জন্য সেরা পারফরম্যান্স নির্বাচিত হয়েছে।
টি-টুয়েন্টিতে মোস্তাফিজের ওই পারফরম্যান্সটি বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেরা বোলিং। ম্যাচটা অবশ্য ৭৫ রানে হেরে গিয়েছিল টাইগাররা।
একইরাতে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়া আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজকে আগেই ট্রফি তুলে দেয়া হয় ইএসপিএন-ক্রিকইনফোর পক্ষ থেকে। মিরাজের আগে মোস্তাফিজও ২০১৫ সালে সেরা নবাগতের এই পুরস্কার জিতেছিলেন।







