ফ্রান্সের অস্কার বলা হয় ‘সিজার অ্যাওয়ার্ডস’-কে। চলচ্চিত্র নিয়ে দেশটির সর্বোচ্চ এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেলো শুক্রবার রাতে (২৮ ফেব্রুয়ারি)। আর এবার এই অনুষ্ঠানে দেখা গেলো চরম বিশৃঙ্ক্ষলা।
অস্কারজয়ী নির্মাতা রোমান পোলানস্কি এবার ফ্রান্সের সিজার অ্যাওয়ার্ডস এর অনুষ্ঠানে জিতে নিয়েছেন সেরা নির্মাতার পুরস্কার। ‘অ্যান অফিসার অ্যান্ড অ্যা স্পাই’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। তবে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থাকায় সেরা নির্মাতার পুরস্কার জেতার পর অনুষ্ঠান বয়কট করেছেন বেশ কয়েকজন অভিনেত্রী।

সেরা নির্মাতা হিসেবে পোলানস্কির নাম ঘোষণার পর অভিনেত্রী অ্যাডেল হ্যানেল অনুষ্ঠান ছেড়ে বের হয়ে যান। হল রুম ছাড়ার আগে তিনি বলেন, ‘লজ্জা!’। এরপর নির্মাতা সিলিন স্কিয়াম্মাও অনুষ্ঠান ছেড়ে বের হয়ে যান।
অভিনেত্রী এবং কমেডিয়ান ফ্লোরেন্স ফরেস্টি অনুষ্ঠান উপস্থাপনা করছিলেন। পোলানস্কির নাম ঘোষণা হওয়ার পর তিনি আর স্টেজে ফিরে আসেননি। পরে ইনস্টাগ্রামে তিনি একটি কালো স্ক্রিনে ‘জঘন্য’ লিখে শেয়ার করেন।
অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফ্র্যাঙ্ক রিস্টার বলেছেন, ‘সেরা নির্মাতার পুরস্কার যদি পোলানস্কি জিতে, তাহলে বিষয়টি খুব খারাপ হবে।’
পোলানস্কির পুরস্কার জেতার প্রতিবাদে এন্টি-পোলানস্কি ব্যানার এবং গ্রাফিতিতে ভরিয়ে ফেলা হয়েছে ইভেন্টের ভেন্যু সিজার অ্যাকাডেমি হেডকোয়ার্টার্স।
‘অ্যান অফিসার অ্যান্ড অ্যা স্পাই’ ছবিটি চলতি আসরে ১২টি মনোনয়ন পেয়েছিল। কিন্তু অনুষ্ঠানে অংশ নেননি ফরাসি-পোলিশ নির্মাতা পোলানস্কি। তিনি আগেই জানিয়ে দিয়েছেন নিরাপত্তাজনিত কারণে তিনি এবং তার টিমের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।
পোলানস্কি মনোনয়ন পাওয়ার পর থেকেই নারী অধিকার কর্মিরা ফুঁসে উঠেছিলেন। সিজারস সেরেমনি বয়কট করার অনুরোধ জানিয়েছিলেন তারা।
রোমান পোলানস্কির বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ আছে। ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী মার্কিন কিশোরী সামান্থা গাইমারকে ধর্ষণ করেছিলেন তিনি। সে বছরই রোমানকে লস অ্যাঞ্জেলস থেকে গ্রেপ্তারও করা হয়। প্রথমে অপরাধ স্বীকার না করলেও পরে স্বীকার করেন রোমান পোলানস্কি। তবে সাজা শুরু হওয়ার আগেই তিনি পালিয়ে চলে যান ফ্রান্সে। এই মামলায় ৪২ দিন জেলও খেটেছেন রোমান পোলানস্কি।
২০১০ সালে ব্রিটিশ অভিনেত্রী চারলোট লুইসও পোলানস্কির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। এছাড়াও ২০১৭ সালের আগস্টে মিটু মুভমেন্ট-এর সময় রবিন নামের এক নারী পোলানস্কির বিরুদ্ধে একই অভিযোগ তুলেন। একই বছরের সেপ্টেম্বরে সাবেক অভিনেত্রী রেনেট ল্যাঙ্গার পোলানস্কির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেন।
২০১৯ সালের ৮ নভেম্বর ফ্রান্সের এক সাবেক মডেল ও অভিনেত্রী রোমান পোলানস্কির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। ভ্যালেন্টাইন মনিয়ার নামের সেই মডেল ও অভিনেত্রী ফ্রান্সের পত্রিকা লে প্যারিসিয়েন-এ জানিয়েছেন, টিনএজে সুইস স্কি রিসোর্টে পোলানস্কি ধর্ষণ করেছিলেন তাকে। ১৯৭৫ সালে তার বয়স যখন ১৮ ছিল, তখন এই ঘটনা ঘটেছে। -বিবিসি








