রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা হতে চলেছে ফুটবল থেকে নির্বাসিত ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের। পুতিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎতসহ বিশ্বকাপের দুটি ম্যাচ দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন ব্ল্যাটার। পরে পুতিন তাকে আমন্ত্রণ জানান।
বুধবার পর্তুগাল ও মরক্কো, আর শুক্রবার ব্রাজিল-কোস্টারিকার ম্যাচে মাঠে থাকার কথা ৮২ বছর বয়স্ক ব্ল্যাটারের। তার মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও বিশ্বকাপের দুটি ম্যাচ দেখার ইচ্ছা সেপ ব্ল্যাটারের।
যদিও ফুটবল সংক্রান্ত কোনো কার্যকলাপে ব্ল্যাটারের অংশ নেয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। ফিফা অবশ্য তার বিশ্বকাপের ম্যাচ দেখার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
১৭ বছর ফিফার প্রেসিডেন্ট ছিলেন সেপ ব্ল্যাটার। কিন্তু মিশেল প্লাতিনিকে ১.৮ মিলিয়ন ইউরো (প্রায় ১ হাজার ৪’শ ২১ লক্ষ টাকা) দেয়ার দুর্নীতির অভিযোগে ছয় বছরের জন্য নির্বাসিত তিনি। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তাকে পদ থেকে সরিয়ে নির্বাসিত করা হয়।







