বাংলাদেশ সফর স্থগিতের ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জুলাইয়ে হোম সিরিজ নিয়ে তাই আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি চূড়ান্ত করে পিসিবির কাছে পাঠানো হয়েছে। যাতে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি। এখন দেশটির ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া আসার অপেক্ষা করছে মাশরাফিদের বোর্ড।
শনিবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আমাদের শিডিউল পাঠিয়ে দিয়েছি। তাদের ফিডব্যাকের জন্য অপেক্ষা করছি।’
জুলাই-আগস্টে পাকিস্তান দল বাংলাদেশ সফর করবে এটা একরকম নিশ্চিত ছিল। কিন্তু দুবাইয়ে আইসিসির সভায় গিয়ে ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, বাংলাদেশ সফরে আসবেন না তারা। টানা তিনবার নাকি বাংলাদেশ সফর করতে রাজি নয় সে দেশের বোর্ড।
বাংলাদেশ সবশেষ ২০০৭-০৮ মৌসুমে পাকিস্তান সফর করে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হয়েছিল সেবার। এরপর ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার টিমবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেই থেকে অন্য দেশের মতো বাংলাদেশও দেশটিতে দল পাঠাতে চায় না। এর মধ্যে ২০১১-১২ এবং ২০১৫ সালে বাংলাদেশে আসে পাকিস্তান।








