প্রথম গল্পটি একজন পিতা ও তার কন্যাকে কেন্দ্র করে। সম্পর্কের ওপর পুঁজির সমাজের নির্মমতার ছাপ এ গল্পের প্রেক্ষাপট। অন্য গল্পটি অফিসকেন্দ্রিক। প্রতি শনিবার একজনকে মেরে ফেলেন কোন এক অফিস কর্মচারী নেওয়াজ। মিথ্যামৃত্যুর এসব ঘটনা একসময় বাজে পরিস্থিতি আনে নেওয়াজের জীবনে।
দুটো গল্পের দুটো নাটক প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন। দুটো বেসরকারী টেলিভিশনে। পিতৃত্বের গল্পের ‘রাজকন্যা’ প্রচার হবে রাত ৮টায় এশিয়ান টেলিভিশনে এবং ‘প্রতি শনিবার নেওয়াজের চাচা মারা যান’ প্রচার হবে বাংলাভিশনে রাত ৯.০৫ মিনিটে। আরো কিছু দ্বৈততা আছে। দুটো নাটকের গল্প ভাবনা একজনের, চিত্রনাট্য একজনের এবং নির্মাণও করেছেন একজন। গল্পভাবনায় তুহিন বড়ুয়া, চিত্রনাট্য শাজাহান সৌরভ এবং নির্মাতা গোলাম সোহরাব দোদুল। আর দুটোতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
‘রাজকন্যা’য় আরো অভিনয় করেছেন মৌসুমী হামিদ, দীপক সুমন ও শ্রুতি রাফশা। ‘প্রতি শনিবার নেওয়অজের চাচায় অভিনয় করেছেন আবুল হায়াত, উর্মিলা শ্রাবন্তী কর ও স্নিগ্ধা মোমিন।
নির্মাতা গোলাম সোহরাব দোদুল দুটি নির্মাণ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বিষয়টি কাকতালীয় যে এতগুলি দ্বৈততায় ভরা দুটি নাটক। আবার প্রচার হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। দুটি নাটকের গল্প একদম আলাদা। আলাদা স্বাদ দেবে দর্শককে।’







