পিএসজি সতীর্থদের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছেন নেইমার!

ফ্রেঞ্চ কাপ ফাইনালে হারের পর তরুণ ফুটবলারদের দায় দিয়েছিলেন নেইমার। এবার খবর পিএসজি সতীর্থদের সঙ্গে কথার দ্বন্দ্বেও জড়িয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড! ফরাসি দৈনিক ‘লা পারিসিয়ান’ জানাচ্ছে, ড্রেসিংরুমে জার্মান সতীর্থ উইলিয়ান ড্রেক্সলারের সঙ্গে একচোট কথার লড়াই হয়েছে নেইমারের!
রেনেঁর বিপক্ষে কাপ ফাইনালে হারের পর কম বয়স্ক খেলোয়াড়দের আদেশ না মানাকেই দায়ী করেন নেইমার। তার কথার ইঙ্গিত ছিল দুই তরুণ ফুটবলার আলফানসো আরেওলা ও প্রেসনেল কিমপেম্বের দিকে। লা পারিসিয়ানের প্রতিবেদন অনুযায়ী ফ্রান্স ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জেতার পর এই দুই উঠতি ফরাসি ফুটবলারদের সঙ্গে খুব একটা ভালো আচরণ করতেন না বিশ্বের দামী ফুটবলার!
কাপ ফাইনালে নেইমারের কথার রেশ ধরে বেশ চাপা একটা উত্তেজনা বিরাজ করছিল পিএসজির ড্রেসিংরুমে। লা পারিসিয়ানের তাদের প্রতিবেদনে জানাচ্ছে, মন্টেপিয়েঁর ম্যাচের পর নেইমারকে সেজন্য সরাসরি চ্যালেঞ্জ করে বসেন ড্রেক্সলার। বলেন সবকিছু নিজে করতে না চেয়ে বিকল্প উপায়ে সমস্যার সমাধান বের করতে।
ড্রেক্সলারের কথা আবার ভালো লাগেনি নেইমারের। সরাসরি বলে বসেন, ‘আমার সঙ্গে এভাবে কথা বলার তুমি কে? তোমরা সবাই খালি পারো ব্যাক পাস করতে!’
দুজনের ঝগড়া বাড়তে থাকলে এক পর্যায়ে পিএসজি স্পোর্টস ডিরেক্টর আন্তেরো হেনরিখ ও কোচ টমাস টুখেল সরিয়ে নেন নেইমার আর ড্রেক্সলারকে!
লা পারিসিয়ানের এই প্রতিবেদনকে অবশ্য মনগড়া ও গুজব বলে আখ্যা দিয়েছে পিএসজি। টুইটারে নেইমারের পক্ষ নিয়ে উল্টো পত্রিকাটিকে চ্যালেঞ্জ করেছে ক্লাবটি, ‘লা পারিসিয়ান একটা মজার খেলা খেলছে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার নেইমার নাকি ড্রেসিংরুমে মারামারিতে জড়িয়েছেন। তো আপনারা এতকিছু কীভাবে জানেন? আপনারা কী ড্রেসিংরুমে সেসময় ছিলেন?’






