পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গেলেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানান, সোমবার দিবাগত রাত একটার ফ্লাইটে করাচির উদ্দেশে রওনা হন বিশ্বসেরা অলরাউন্ডার।
‘রিজার্ভ সাপ্লিমেন্টারি’ হিসেবে সাকিবকে দলে নিয়েছে পেশোয়ার। পিএসএল শুরু হয়েছে গতকাল সোমবারই। সাকিবের পেশোয়ার তাদের প্রথম ম্যাচ খেলবে মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচের জন্য সাকিব ‘অ্যাভেইলেবল’ থাকবেন বলে জানিয়েছে পিসিবি। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টটিতে তাকে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।
পিএসএলে এর আগে দুই আসরে খেলেছেন সাকিব। সবশেষ ২০১৭ সালে খেলেছিলেন পেশোয়ারের হয়েই। তার আগে খেলেন করাচি কিংসের হয়ে।
১ মার্চ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে বাংলাদেশ দলের। তার আগেই পাকিস্তান থেকে ফিরে আসবেন সাকিব। পিএসএলে সাকিবকে দেখা যেতে পারে পাঁচটি ম্যাচে।







