জাম্বিয়ার প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ছাত্রীদের পা দেখা যায় এমন পোশাক পরে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞার নোটিশ টানিয়ে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের চারদিকে।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রীরা। তারা বলছে, পায়ের দিকে নয়, বইয়ের দিকে মনোযোগ দাও।
রাজধানী লুসাকায় অবস্থিত ইউনিভার্সিটি অফ জাম্বিয়ায় এমন ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।
গ্রন্থাগারের নোটিশে বলা হয়েছে, আমাদের নজরে এসেছে কিছু ছাত্রী অর্ধনগ্ন পোশাক পরে গ্রন্থাগারে আসে। এ অবস্থা ছাত্রদের অস্বস্তির মধ্যে ফেলছে। পরিপ্রেক্ষিতে আমরা ছাত্রীদের শালীন পোশাক পরার উপদেশ দিচ্ছি।
কিন্তু ছাত্রীরা নোটিশের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছে, গ্রন্থাগারে আসার উদ্দেশ্য যদি হয় পড়াশোনা করা, তাহলে কেন নারীদের পাসহ অন্যান্য বিষয়ের দিকে মনযোগ দিচ্ছো!
ছাত্রদের কেউ কেউ অবশ্য নোটিশের পক্ষে। একজন ছাত্র সিদ্ধান্তের পক্ষে মত জানিয়ে বলেছে, যখন অন্য বিষয়ের দিকে মনোযোগ চলে যায় তখন পড়াশোনায় মনোনিবেশ করা যায় না।
আফ্রিকার দেশ জাম্বিয়া সাংস্কৃতিকভাবে রক্ষণশীল। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক পোশাকের প্রতি প্রবণতা দেখা যায়।








