মুনসুর উদ্দিন আহমেদ, রাঙামাটি: টানা বৃষ্টিতে পাহাড় ধসে পার্বত্য জেলা রাঙামাটিতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে ৪ সেনা, ১৮ শিশু ও ২ নারী সহ মোট ৯৮ জন প্রাণ হারিয়েছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরি বলেন, পাহাড় ধসে রাঙামাটি সদরে ৪৫ জন, কাউখালীতে ২৩ জন, কাপ্তাইয়ে ১৬ জন, জোড়াছড়িতে ২ জন এবং বিলাইছড়িতে ২ জন সহ মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, এসব এলাকায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্কাউট ও পুলিশ সদস্যরা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধার কাজ করছেন।
এছাড়া চট্টগ্রামে ২৭ জন এবং বান্দরবানে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
অতিবৃষ্টিতে পাহাড় ধসে তিন জেলায় ১৩১ জনের প্রাণহানি হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিন জেলায় এ পযন্ত ৪ হাজার লোককে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় চট্টগ্রাম-রাঙামাটি ও বান্দরবান জেলার মধ্যে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। জোয়ারের পানিতে কয়েক জেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। দুর্গত এলাকায় পানিবন্দি কয়েক লাখ মানুষ।










