এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর পাসের হার ৬৯.৬০ শতাংশ, পাসের হার গত বছরের তুলনায় কমেছে ৯.৯০ শতাংশ। গতবছর পাসের হার ছিলো ৭৮.৩৩ শতাংশ।
পাসের হার কমার পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও এবারের শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে। গতবার যেখানে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৭০ হাজার ৬০২ জন সেখানে এবার জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা ৪২ হাজার ৮৯৪ জন।
আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩’শ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ লাখ ৬১ হাজার ৬শ’৪২ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে মোট পাস করেছে ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের ডিজিটাল অনুলিপি তুলে দেন। এসময় তিনি ফলাফলের এবারের সাফল্যের হার কমার জন্য দায়ী করেন বিএনপির লাগাতার হরতাল এবং অবরোধকে। সহিংস রাজনীতির জন্যই এবারের শিক্ষার্থীরা আশানুরুপ ফল করতে পারেন নি বলে শিক্ষামন্ত্রী জানান।







