আদালত

পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন বাতিলের রায়ে আপিলের শুনানি মুলতবি

সাংবাদিককে

পার্বত্য শান্তি চুক্তির আলোকে ১৯৯৮ সালে করা পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন সম্পূর্ণ এবং পার্বত্য জেলা স্থানীয় পরিষদ আইনের চারটি ধারা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আগামি ৬ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।

দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ  বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

রিট আবেদনকারীর আইনজীবী এ জে মোহাম্মদ আলীর করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আর রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এর আগে গত ৯ জানুয়ারি আদালত শুনানি ২ সপ্তাহের জন্য মুলতবি করেছিলেন।

২০১০ সালের ১৩ এপ্রিল হাইকোর্ট এক রায়ে পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন-১৯৯৮ সম্পূর্ণভাবে বাতিল করেছিলেন। একই সঙ্গে পার্বত্য জেলা পরিষদ আইনের ৬(ঙ), ১১, ১৫(খ) ও ২৮ ধারা বাতিল করেছিলেন।

ওই বছরের ১ জুন প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছিল, এগুলো সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও অসাংবিধানিক। রায়ে শান্তিচুক্তি বাতিল না করলেও এ নিয়ে কয়েকটি পর্যবেক্ষণ দিয়েছিলেন আদালত।

এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ সে বছরই ওই রায় স্থগিত করেছিলেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি শুরু হয়।

বিষয়:আপিলের শুনানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…