রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের সম্পর্কের কথা এখন আর কারও অজানা নেই। তবে এই জুটি অবশ্য স্বীকার করেননি তাদের সম্পর্কের কথা। কিন্তু রণবীরের আত্মীয় এবং কাছের কিছু বন্ধুরা নাকি বেশ অনেক দিন ধরেই দেখা করতে চাইছিলেন দীপিকার সঙ্গে। আর তাই দীপিকাকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রণবীর সিং একটি পারিবারিক ডিনারের আয়োজন করে দীপিকাকে সেখানে নিয়ে এসেছিলেন।
রণবীরের বাবা-মায়ের সঙ্গে দীপিকার সম্পর্ক আগে থেকেই বেশ ভালো। রণবীরের বাড়িতেও দীপিকা বহুবার গিয়েছেন। কিন্তু অন্যান্য আত্মীয়দের অনেকের সঙ্গেই দীপিকার পরিচয়টা এখনও হয়নি। এতদিন ‘পদ্মাবতী’ ছবির শুটিং নিয়ে খুব ব্যস্ত সময় কেটেছে রণবীর-দীপিকা দুজনেরই। এছাড়াও বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে মিটিংও ছিল দীপিকার। আর তাই রণবীরের পরিবারকে এতদিন সময় দিতে পারেননি তিনি। তবে এবার অবসর মিলেছে। আর তাই রণবীরের পারিবারিক ডিনারে সময় কাটিয়েছেন দীপিকা। সবার সঙ্গে ছবিও তুলেছেন।
রণবীর এবং দীপিকা জুটি ক’দিন পরেই ফের ব্যস্ত হয়ে যাবেন সঞ্জয় লীলা বনসালির ছবি ‘পদ্মাবতী’র শুটিং নিয়ে। ছবিতে আরও আছেন শহীদ কাপুর। ডিসেম্বরের ১ তারিখে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবিটি। ডেকান ক্রনিকল।








