পারিবারিক খরচে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা করানোর জন্য অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কানদার।
শামীম ইস্কানদার এক লিখিত চিঠিতে জানান, আমার বড় বোন বেগম খালেদা জিয়াকে নাজিমউদ্দীন রোডে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন অসুখে আক্রান্ত। কারা অভ্যন্তরে তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন না। ফলে দীর্ঘ কারাবাসে তার শারিরীক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে।
লিখিত চিঠিতে আরো বলা হয়, গত ৯ জুন কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক কারা অভ্যন্তরে তার শারীরিক পরীক্ষা নীরিক্ষা করেন। তারা জানান, বেগম জিয়া গত ৫ জুন মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন। ভবিষ্যতের জন্য এই ধরনের বিষয় বড় ধরনের ঝুঁকির পূর্বাভাস বহন করে। তাকে ইউনাইটেড হাসপােতালে ভর্তি পূর্ব প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা জরুরি। 
এরপর এই ধরনের চিকিৎসার সকল ব্যয় নিজ/পারিবারিকভাবে বহন করা হবে বলেও সেখানে জানিয়ে অনুমতি প্রার্থনা করা হয়।
এর আগে খালেদা জিয়াকে সিএমএইচে চিকিৎসা করানোর প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা করাতে অনুমতি দিলেও সেখানে চিকিৎসা নিতে রাজি হননি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।








