তিনি যখন ক্রিজে আসেন, বড় রানের মঞ্চ প্রস্তুতই ছিল। ধরে খেলার বাধ্যবাধকতা ছিল না। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন হার্দিক পান্ডিয়া। এই ভারতীয় অলরাউন্ডার থেমেছেন নিজের প্রথম সেঞ্চুরি তুলে। পথে ঝড় তুলে এক ওভারে নিয়েছেন ২৬ রান।
রোববার ক্যান্ডিতে টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। ইনিংসের ১১৬তম ওভার। বোলিং করতে এসেছেন স্বাগতিকদের বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারা। পান্ডিয়া চালিয়ে খেললেন ওভারটাতে। শুধু শেষ বলটাতে কী মনে করে যেন হাঁকালেন না। ওভারটা ছিল এমন- ৪, ৪, ৬, ৬, ৬, ০; মোট ২৬ রান।
ঝড় তোলা ওই ওভার দিয়ে টেস্ট ক্রিকেটের দারুণ একটি রেকর্ডে ঢুকে পড়েছেন পান্ডিয়া। টেস্টের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান দেয়া-নেয়ার তালিকায় তিনে থাকছে পুষ্পকুমারার ওভারটি। অবশ্য আরো ৪জনকে সঙ্গী পাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রেইগ ম্যাকমিলান, অস্ট্রেলিয়ার মিশেল জনসন।
শেষ বলটি হাঁকালে টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ডটিই ধরা বা টপকে যাওয়ার সুযোগ ছিল পান্ডিয়ার। সেটি ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা এবং অজি তারকা জর্জ বেইলির দখলে, ওভারে ২৮ রান। দুইয়ে আছে শহীদ আফ্রিদির নেয়া ২৭ রান।
২৩ বছর বয়সী পান্ডিয়া যখন থামলেন, নামের পাশে ঝলমলে ১০৮ রান। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটি পূর্ণ করেছেন ৮৫ বলে। শেষপর্যন্ত ৯৬ বলের ইনিংসটি থেমেছে ৮ চার ও ৭ ছয়ে।
তাতে প্রথম ইনিংসে ভারত থেমেছে ৪৮৭ রানে। জবাবে ব্যাটিং ধসে পড়েছে শ্রীলঙ্কা। পঞ্চাশ পেরোতেই ৪ উইকেট নেই স্বাগতিকদের। প্রথম দুই টেস্টে হেরে এমনিতেই হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে দিনেশ চান্দিমালের দল।







