টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিলচাপড়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের ৩ কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
মৃত শিশুরা হল- ওই গ্রামের রফিকুল ইসলামের ৪ বছরের কন্যা সন্তান মরিয়ম ও তার ছোট ভাই মোতালেব হোসেনের দুই কন্যা ৪ বছরের সাদিয়া ও ৩ বছরের আফিয়া।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়া গ্রামের রফিকুল ইসলাম ও তার ছোট ভাই মোতালেবের ৩ কন্যা সন্তান বাড়ির পাশ্ববর্তী নতুন খননকৃত পুকুরের পাশে খেলা করছিল। এসময় ৩ বছরের আফিয়া ওই পুকুরে পড়ে গেলে মরিয়ম ও সাদিয়া তাকে উদ্ধার করতে পানিতে নামলে ৩ জনই পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়।
পরে ৩ শিশুকে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেণ।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাহিদুজ্জামান জুয়েল ঘটনার জানান, হাসপাতালে আনার পূর্বেই পানিতে ডুবে ৩ কন্যা শিশুর মৃত্যু হয়েছে।







