কোয়ার্টার ফাইনালে পানামাকে উড়িয়ে কোপা আমেরিকায় তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে পা রেখেছে কলম্বিয়া। সেরা চারে তাদের প্রতিপক্ষ হবে ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের জয়ী দলটি। আরেক সেমি ঠিক হয়ে গেছে আগেই, মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা।
রোববার ভোরে আসরের তৃতীয় কোয়ার্টারে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কলম্বিয়া।
ম্যাচের অষ্টম মিনিটে কর্দোবার গোলে শুভ উদ্বোধন করে কলম্বিয়া। ১৫তম মিনিটে পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন জেমস রদ্রিগেজ। ডিয়াজ ৪১ মিনিটে আরেকদফা ব্যবধান বাড়িয়ে বিরতিতে নেন।
মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৭০ মিনিটে রিওস কলম্বিয়াকে চতুর্থ গোলটি এনে দেন। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ে চতুর্থ মিনিটে বোর্জা পেনাল্টিতে পঞ্চম গোলটি করে পানামার জালে শেষ পেরেক ঠোকেন। বড় জয় নিয়ে সেমি নিশ্চিত করে কলম্বিয়া।








