যুক্তরাষ্ট্রের ব্রুকলিন পাতাল রেল স্টেশনে হামলায় ১০ জন গুলিবিদ্ধ সহ ২৩ জন আহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ।
বিবিসি জানায়, ৬২ বছর বয়সী ফ্র্যাঙ্ক জেমস গুলি ও গ্রেনেড নিক্ষেপের আগে একজন নির্মাণ শ্রমিকের হেলমেট, ভেস্ট এবং একটি গ্যাস মাস্ক পরিধান করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারের পর জেমসকে বুধবার বিকেলে ম্যানহাটনে হাজতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
সংবাদ সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘আমার নিউ ইয়র্কের সহকর্মীরা, আমরা তাকে পেয়েছি।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেমস মঙ্গলবার সকালে ব্রুকলিনের ৩৬তম স্ট্রিট স্টেশনে গুলি চালানোর একমাত্র সন্দেহভাজন ব্যক্তি। এ ঘটনায় ২৩ জন আহত হয়। এদের মধ্যে ১০ জন বন্দুকের গুলিতে আহত হয়।
জেমসের বিরুদ্ধে ফেডারেল আইন লঙ্ঘন করে যোগাযোগ সিস্টেমে সন্ত্রাসী এবং সহিংস হামলা অভিযোগ আনা হবে বলে জানানো হয়। দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাভোগ করতে পারেন তিনি।
এর আগেও তাকে বিভিন্ন মামলা নয় বার গ্রেপ্তার করা হয়েছিল বলে জানায় পুলিশ।







