পাকিস্তানে ভূমিকম্পে নিহত অন্তত ২০

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষজনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে সেখানে ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে কর্মকর্তারা।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তাদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কোয়েটা শহরে ভূমিকম্পের পরপরই অনেক মানুষ রাস্তায় নেমে আসছে।
প্রাথমিক তথ্য বলছে, রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ভবন ধসে এসব হতাহতের ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্মকর্তারা বিবিসি উর্দুকে জানান, আরও অন্তত ১৫০ জন আহত হয়েছে। তাদের কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মোবাইলের আলোতে আহতদের অনেককে স্ট্রেচারেই চিকিৎসা দিচ্ছিলেন স্বাস্থ্যকর্মীরা।
এখনও সেখানে উদ্ধার অভিযান চলছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ১০০টিরও বেশি মাটির বাড়ি ধসে পড়েছে এবং অনেক অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, শতশত মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
ভূমিকম্পে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হারনাই জেলাতেই হয়েছে। প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বে অবস্থিত হারনাই, সেখানে বহু কয়লা খনি রয়েছে।
বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাংগু বিবিসিকে জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি পরিষেবা পাঠানো হয়েছে।






