পাকিস্তানে নির্বাচনী সভায় ভয়াবহ বোমা হামলায় প্রার্থীসহ বহু হতাহত

পাকিস্তানের বেলুচিস্তানে নির্বাচনী সভায় বোমা হামলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির(বিএপি) প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানিসহ ৭০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ১২০ জন।
শুক্রবার বিকালে বেলুচিস্তানের মাস্তুং জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে স্বরাষ্ট্র সচিব হায়দার আলী শিখো জানিয়েছেন।
ডন জানায়, বিএপি প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানির জনসভা লক্ষ্য করেই এ হামলা চালানো হয়। নওয়াবজাদা সিরাজ বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানির ছোট ভাই।
নির্বাচনী সহিংসতার অংশ হিসেবে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। একের পর এক হামলার ঘটনা ঘটছে দেশটিতে।
এর আগে সকালে বান্নুতে খাইবার পখতুনের সাবেক মুখ্যমন্ত্রী আকরাম খান দুররানির বহরে হামলা চালানো হয়। এ হামলায় আকরাম খান বেঁচে গেলেও চারজন নিহত হন। আহত হন আরো ৩২ জন। 
গতকাল রাতেও খুজদারে বিএপির নির্বাচনী অফিসের কাছে হামলায় দুইজন আহত হন।
এছাড়া ১০ জুলাই পেশোয়ারের ইয়াকতুন এলাকায় আত্মঘাতি হামলায় আওয়ামী ন্যাশনাল পার্টির নেতা হারুন বিলোরসহ ২০ জন নিহত হন। তার আগে ৭ জুলাই আরেক হামলায় বান্নুতে এক প্রার্থীসহ ৭ জন নিহত হন।







