গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পাকিস্তানের সামরিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ভারতের সাবেক নৌসেনা কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানে ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আহলুওয়ালিয়া।
আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনা এবং ভিয়েনা চুক্তি অনুসারে তাকে রোববারই কূটনৈতিক সহায়তার সুযোগ দেয়ার ঘোষণা দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
টুইটবার্তায় দেয়া সেই ঘোষণা অনুসারে সোমবার সকালে ভারতের ডেপুটি হাইকমিশনার রাজধানী ইসলামাবাদে পৌঁছান এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে কুলভূষণের সঙ্গে দেখা করেন।
বৈঠক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সোমবার সকালে বৈঠক শুরুর আগে ভারতের সরকারি কয়েকটি সূত্র জানায়, ভারত সরকারের আশা, বৈঠকটি যেন অবাধ, ন্যায্য, অর্থপূর্ণ এবং কার্যকর হয় তার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে পাকিস্তান।
২০১৬ সালের ৩ মার্চ বেলুচিস্তান থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ৪৯ বছর বয়সী কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।
২০১৭ সালের এপ্রিলে কুলভূষণ যাদবকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন পাকিস্তানের একটি সামরিক আদালত।
তবে ভারত কূলভূষণের বিরুদ্ধে বরাবরই সব অভিযোগ অস্বীকার করে এসেছে। বরং ভারতের দাবি, অবসরপ্রাপ্ত নৌসেনা কুলভূষণ যাদবের ইরানে ব্যবসা রয়েছে। ইরানের চাবাহার বন্দর থেকেই তাকে অপহরণ করে পাকিস্তানি গোয়েন্দারা।
গত ১৭ জুলাই আন্তর্জাতিক বিচার আদালত পাকিস্তানকে নির্দেশ দেন, কুলভূষণের মৃত্যুদণ্ড খতিয়ে দেখা এবং পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে কোনো রকম বিলম্ব না করে কুলভূষণ যাদবকে ভারতের কূটনৈতিক সহায়তা গ্রহণের সুযোগ দিতে হবে।
ওই নির্দেশের দেড় মাস পর পাকিস্তান সরকার কুলভূষণকে এই সুযোগ দিলো।








