পাওয়ার প্লেতে বেশি বেশি রান তুলতে গিয়ে দুই ওপেনারসহ তিন ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ। পরে ফিরেছেন মুশফিকও। এখন মিডল অর্ডারে বাকিরা কী করতে পারেন, সেটাই দেখার।
অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের দ্বিতীয় ওভারে বিদায় নেন লিটন কুমার দাস। শাফল করে অফস্টাম্পের বাইরে গিয়ে সুইপ করেন। স্কয়ার লেগ খালি দেখে লিটন ওভাবে শট খেলেন। কিন্তু বল উঠে যায় শর্টফাইন লেগে রায়নার হাতে। ৯ বলে ১১ করেন লিটন।
তামিম ফেরেন পঞ্চম ওভারের দ্বিতীয় বলে। রিস্ট স্পিনার যুবেন্দ্র চাহালকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে লংঅনে সীমানার কাছে আটকে যান। ওখানে ছিলেন শারদুল ঠাকুর। প্রথমে দুই হাত দিয়ে বল তালুবন্দি করেন। ভারসাম্য রাখতে সীমানা দড়ির একদম কাছে দাঁড়িয়ে একহাতে বল নেন। একবার ছোট একটা লাফও দেন। কিন্তু তারপরও দড়ি থেকে চুল পরিমাণ দূরে থেকে যান। কপাল পোড়ে তামিমের। বাঁহাতি ওপেনার ১৩ বলে ১৫ করে বিদায় নেন।
একই ওভারের শেষ বলে সৌম্য সরকার সুইপ খেলতে গিয়ে ধরা পড়েন। পঞ্চম ওভারের শেষ বলে যুবেন্দ্র চাহালের বলে সৌম্য ধরা পড়েন লেগ আম্পায়ারের একদম কাছে। শেখর ধাওয়ানের হাতে। দুই বলে সৌম্য করেন এক।
মুশফিককেও বিদায় করেন লেগস্পিনার চাহাল। দশম ওভারে বিজয় শঙ্করের হাতে ধরা পড়ার আগে তিনি করতে পারেন ১২ বলে ৯।
বাংলাদেশ এদিন টস হেরে আগে ব্যাট করছে। দলে কোনো পরিবর্তন নেই। ভারত মোহাম্মদ সিরাজের জায়গায় জয়দেব উনাদকাটকে ডেকেছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, কেএল রাহুল, সুরেশ রায়না, মনিষ পাণ্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল,বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাট।








